হবিগঞ্জে খোয়াই নদী থেকে মাটি উত্তোলন করতে গিয়ে মাটি চাপায় একজন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। শনিবার দুপুরে শহরের গরুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক জনি মিয়া (২২) শহরতলীর রিচি গ্রামের তৈয়ব আলীর ছেলে।
আহতরা জানায়, প্রতিদিনের মতো শনিবার সকালেও শহরের গরুর বাজার এলাকায় খোয়াই নদী থেকে মাটি উত্তোলন করতে নামে শ্রমিকরা। গভীর গর্ত খুড়ে মাটি তোলার সময় হঠাৎ করে ওপরের মাটি শ্রমিকদের ওপর ধ্বসে পড়ে। এতে ৬ জন শ্রমিক মাটিচাপা পড়েন।
স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে দ্রুত আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক জনি মিয়াকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে এখলাছুর রহমান (২৫) ও সুমন মিয়াকে (২০) হাসপাতালে ভর্তি করা হয়। বাকি ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ ছাত্রীকে উত্যক্ত করায় ছাত্রলীগ নেতাকে এক বছরের কারাদণ্ড
সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার দেবাশীষ দাশ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু
