আইএস জঙ্গিদের পুরোপুরি নির্মূল করা সহজ নয়: ওবামা

আপডেট : ২৭ আগস্ট ২০১৪, ১৭:৫৫
 
 
 
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সাংবাদিক জেমস ফোলি হত্যায় জড়িত ইসলামিক স্টেট জঙ্গিদের কঠোর শাস্তি
পেতে হবে। তিনি বলেন,  এ ক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবে না। তবে তিনি এটাও বলেন যে, ইরাক এবং সিরিয়া থেকে এদের শিকড় পুরোপুরি নির্মূল করাও ততটা সহজসাধ্য নয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।
স্থানীয় সময় মঙ্গলবার উত্তর ক্যারোলিনায় যুক্তরাষ্ট্রের সাবেক সেনাদের এক সম্মেলনে দেয়া ভাষণে ওবামা বলেন, আইএস’র মতো একটি ক্যান্সারকে শিকড়সুদ্ধ উপড়ে ফেলা সহজ হবে না, আর এটি দ্রুতও করা যাবে না। তিনি বলেন, আমরা সিরিয়ায় আইএস জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরুর আগে সেখানে গোয়েন্দা বিমান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। আর এর উদ্দেশ্য হচ্ছে যাতে করে জঙ্গিদের অবস্থান চিহ্নিত করে সেখানে বিমান হামলা চালানো যায়। তিনি বলেন, আমেরিকা কখনোই ভুলে না যে আমাদের লক্ষ্য স্থির। আমরা ধৈর্য ধারণ করতে পারি। আর এসব কারণে অবশ্যই ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে।
ভাষণে তিনি ফের ইরাকে যুক্তরাষ্ট্রের স্থলসেনা পাঠানোর বিষয়টি বাতিল করে দেন। ৮ আগস্ট থেকে দেশটিতে আইএস’র জঙ্গিদের অবস্থানের ওপর বিমান হামলা পরিচালনা করছে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, আমাকে আবার এটা বলতে দিন, যুক্তরাষ্ট্রের স্থলসেনারা ইরাকে লড়াই করতে ফিরে যাচ্ছে না। ‘আমরা যুক্তরাষ্ট্রকে ইরাকে আরেকটি স্থলযুদ্ধে জড়িয়ে পড়ার অনুমতি দেব না,’ বলেন তিনি। তবে ওবামার ঘোষণায় ড্রোন কিংবা ইউ ২ এর কথা সুনির্দিষ্টভাবে ব্যবহারের বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।
 
ইঅ/চৌফে/শ২১৩