জাহাঙ্গীর কবির হত্যা: ২ আসামির ৩ দিন করে রিমান্ড মঞ্জুর

আপডেট : ২৭ আগস্ট ২০১৪, ২০:৫০
 
 
রাজধানীর আগারগাঁওয়ে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির হত্যা মামলায় এক আসামির স্বীকারোক্তি অন্য দুই আসামির প্রত্যেককে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন পৃথক দুই আদালত।
আজ বুধবার মামলার তদন্ত কর্মকর্তা শেরে বাংলা নগর থানার উপপরিদর্শক আবদুল আহাদ আসামিদের আদালতে হাজির করে এক আসামির স্বীকারোক্তি দিতে চাইলে তার স্বীকারোক্তি রেকর্ড করার আবেদন করেন। অন্য দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ড চান।
স্বীকারোক্তি দেওয়া আসামির নাম জান্নাতুল নাইম। ঢাকার মেট্রোপরিটন ম্যাজিষ্ট্রেট অমিত কুমার দে আসামির দেওয়া স্বীকারোক্তিমুলক জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি শেষে  তাকে কারাগারে পাঠিয়ে দেন।
এ ছাড়া অন্য দুই আসামি ইয়াসিন সরকার ও আমিনা খাতুনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট শামসুল আরেফীন।
প্রসঙ্গত, গত ৯ আগস্ট রাতে পশ্চিম আগারগাঁওয়ের শাপলা হাউজিং এলাকায় নিজের বাড়ির সামনে সন্ত্রাসীদের গুলিতে খুন হন জাহাঙ্গীর আলম।
এ ঘটনার তিনদিন পরে ১২ আগষ্ট শেরে বাংলা নগর থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করে পুলিশ।
উল্লেখ্য, গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে সাভারের নবীনগর বাসস্ট্যান্ড থেকে আমেনা খাতুনকে আটক করা হয়। তার কাছ থেকে দুটি পাসপোর্ট, ৫৭ হাজার টাকা ও পাঁচ মার্কিন ডলার জব্দ করা হয়। আমেনার দেওয়া তথ্যে রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর আদাবর এলাকার একটি বাড়ি থেকে নাঈমকে আটক করা হয়। নাঈমের তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহূত রিভলবার সরবরাহকারী রাজনকে পশ্চিম আগারগাঁওয়ের একটি বাড়ি থেকে ভোর ৬টার দিকে আটক করা হয়।
 
ইঅ/চৌফে/শ২২৬