চান্দিনায় বিএনপি-এলডিপি সংঘর্ষ, আহত ৫

আপডেট : ২৭ আগস্ট ২০১৪, ২১:০৩
কুমিল্লার চান্দিনায় উত্তর জেলা ২০ দলীয় জোটের মতবিনিময় সভাকে কেন্দ্র করে বিএনপি ও এলডিপি’র  মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ এর গাড়ি ভাঙচুর ও কুমিল্লা উত্তর জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব মো. খোরশেদ আলম এর ব্যক্তিগত কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বুধবার দুপুর ২টায় চান্দিনাস্থ কার্যালয়ে ও বিকেলে চান্দিনা পোস্ট অফিস সংলগ্ন খোরশেদ আলম এর কার্যালয়ে পৃথক দুটি ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ২ প্লাটুন পুলিশ মোতায়েন করে প্রশাসন। এ সময় চান্দিনা পূর্ব বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।
বিএনপি সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ২০ দলীয় জোটের তৃণমূল সংগঠনকে আরও বেগবান করতে পূর্ব নির্ধারিত ভাবে বুধবার চান্দিনায় সভা করার কথা ছিল বিএনপি কেন্দ্রীয় নেতা বরকত উল্লাহ বুলুর। ২০ দলীয় জোটের মধ্যে কুমিল্লা উত্তর জেলায় ৫টি দলের অস্তিত্ব থাকলেও জোটের অন্যতম শরীকদল এলডিপিকে আহবান না জানানোর কারণে ক্ষোভে ফুসে ওঠে এলডিপি। পূর্ব নির্ধারিত সভাস্থল চান্দিনা পৌর অডিটরিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেই সভাস্থলে এলডিপি’র বিঘ্ন সৃষ্টির আশংকা ছড়িয়ে পড়ায় তাত্ক্ষনিক ভাবে সভাস্থল পরিবর্তন করে কুমিল্লা উত্তর জেলা চান্দিনা বাজারস্থ কার্যালয়ে শুরু করা হয়। বেলা ১টার দিকে প্রধান অতিথি বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ্ বুলু সভাস্থলে পৌঁছে সভাকার্য শুরু হওয়ার কিছুক্ষণ পর এলডিপি’র মহাসচিব ড. রেদোয়ান আহমেদ নেতাকর্মীদের নিয়ে বিএনপি’র কার্যালয়ে প্রবেশের চেষ্টা করলে বিএনপি সমর্থিত নেতা-কর্মীরা বাঁধা সৃষ্টি করে। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। এ সময় বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা ড. রেদোয়ান আহমেদের গাড়ি ভাঙচুর করে। পরে বিএনপি নেতাকর্মীদের কঠোর অবস্থানের কারণে এলডিপি নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন।
এলডিপি’র মহাসচিব ড. রেদোয়ান আহমেদ জানান, ‘বরকত উল্লাহ্ বুলু আমাকে ফোন করে সভাস্থলে আসতে বলেন। আমরা বিএনপি অফিসের দিকে আসা মাত্রই পূর্ব পরিকল্পিতভাবে বিএনপি’র স্থানীয় কাউন্সিলর মেজবাহ্ উদ্দিন বাবুল, হাজী মো. নূরুল ইসলাম মুন্সী, মো. কামাল হোসেন, স্বেচ্ছাসেবকদল নেতা মো. হারুন এর নেতৃত্বে বিএনপি’র নেতাকর্মীরা এলডিপি নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ সময় তারা আমার গাড়িও ভাঙচুর করে।’
এ ঘটনার কিছুক্ষণ পর বিকেলে কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মো. খোরশেদ আলম এর ব্যক্তিগত কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আলহাজ খোরশেদ আলম জানান, বিএনপি কার্যালয়ের সামনে যখন সংঘর্ষের ঘটনা ঘটে সেসময় আমরা প্রধান অতিথিদের নিয়ে কার্যালয়ের দ্বিতীয় তলায় সভা করছিলাম। কিন্তু কার সাথে কি ঘটনা ঘটেছে তা কিছুই জানি না। তবে ওই আনাকাঙ্খিত ঘটনার পরেই বিক্ষুদ্ধ এলডিপি কর্মীরা আমার বাস ভবনের নিকটস্থ বানিজ্যিক কার্যালয় ভাংচুর ও অগ্নি সংযোগ করে।     
চান্দিনা থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. গোলাম মোর্সেদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১ প্লাটুন অতিরিক্ত পুলিশ ও ১ প্লাটুন থানা পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।