আইএস ও সিরিয়া সরকার যুদ্ধাপরাধ করছে: জাতিসংঘ

আপডেট : ২৮ আগস্ট ২০১৪, ২০:৪৬

ইসলামিক স্টেট (আইএস) ও সিরিয়া সরকার একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ করছে বলে জানিয়েছেন জাতিসংঘ তদন্তকারীরা। সিরিয়ার উত্তরাঞ্চলে ইসলামিক স্টেট বাহিনী খুন, নির্যাতন, মৃত্যুদণ্ড কার্যকরসহ নানা ভয়াবহ সহিংস তৎপরতা চালাচ্ছে।
বুধবার প্রকাশিত ৪৫ পাতার প্রতিবেদনে তদন্তকারীরা এসব হামলা ছাড়াও সরকারি পক্ষের অন্যান্য আরো যুদ্ধাপরাধ সংঘটনের কথা বলেছেন। প্রতিবেদনে বলা হয়, সিরিয়া সীমান্ত জুড়ে ছড়িয়ে পড়েছে সহিংসতা। সেইসঙ্গে চরমপন্থার কারণে লড়াইয়ে নৃশংসতা বাড়ছে। সিরিয়ার জেলে মৃত্যু বাড়ছে। তাছাড়া, ২০১১-১৩ সালে সরকারি আটককেন্দ্র থেকে নেয়া ২৬,৯৪৮ ছবি বিশ্লেষণ করে ধারাবাহিক নির্যাতন এবং বন্দি হত্যার আলামত আরো সুস্পষ্ট হয়েছে। সরকার পক্ষ নির্বিচারে বয়সে তরুণদের ধরপাকড় করেছে এবং এদের অনেকেই নিখোঁজ হয়েছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে। ৪৮০ জনের সাক্ষাৎকার এবং দলিলের ভিত্তিতে তৈরি করা হয়েছে জাতিসংঘের এ তদন্ত প্রতিবেদন। প্রতিবেদনে সরকারি বাহিনীর মানবতাবিরোধী অপরাধের বর্ণনার পাশাপাশি আইএস জঙ্গিদেরও নৃশংসতার বর্ণনা দেয়া হয়েছে।