নিজ বাসায় ইমামকে হত্যা

আপডেট : ২৭ আগস্ট ২০১৪, ২৩:৪৫

হাই কোর্ট মাজার মসজিদের খতিব মাওলানা নুরুল ইসলাম ফারুকী তার নিজ বাসায় নিহত হয়েছেন। দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করেছে বলে জানিয়েছেন শেরে-বাংলা নগর থানার অপারেশন অফিসার সাব্বির আহমেদ। বুধবার রাত ৯টার দিকে ১৭৪ পূর্ব রাজাবাজারের বাসা থেকে ফারুকীর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত ফারুকী বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের ‘শান্তির পথে’ ও ‘কাফেলা’ নামে দুটি ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন। ঘটনাস্থলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল গেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে, তবে তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ কিংবা এই বিষয়ে আর কিছু জানা যায়নি।

ফারুকী বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নামের একটি সংগঠনের সভাপতি ছিলেন। ফারুকীর মৃত্যুর খবরে ইসলামী ফ্রন্ট ও ইসলামী ছাত্রসেনার কর্মীরা চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে।