মেডিকেলে চুরি যাওয়া শিশুটি উদ্ধার, গ্রেফতার ২

আপডেট : ২৮ আগস্ট ২০১৪, ১০:৫২

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ড থেকে (২১ আগস্ট ভোরে) চুরি যাওয়া শিশুটিকে উদ্ধার করা হয়েছে। বুধবার দিবাগত গভীর রাতে গাজীপুর থেকে তাকে উদ্ধার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ ঘটনায় দুই নারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া দুই নারী হলেন বেলি আক্তার ওরফে রহিমা (৪৫) ও রাশেদা খানম ওরফে পারভীন (৪৮)।
র‌্যাবের পরিচালক (মিডিয়া) মুফতি মাহামুদ খান জানান, বুধবার রাত সাড়ে ৩টার দিকে গাজীপুরের বোর্ডবাজারের উত্তর কলমেশ্বর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার সকালের র‌্যাব এসব তথ্য জানায়।  র‌্যাব সদর দফতরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
র‌্যাব জানায়, গাজীপুর সদর উপজেলার বোর্ড বাজারের উত্তর কলমেশ্বর এলাকায় বেলি আক্তার ওরফে রহিমার কাছ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আয়া রাশেদা খানম ওরফে পারভীনের কাছ থেকে শিশুটিকে নিয়েছেন তিনি। এ জন্য পারভীনকে প্রায় ৪০ হাজার টাকা দিয়েছেন রহিমা।
মোহাম্মদপুরের বাসিন্দা রুনা আক্তার নামে এক নারী গত ২০ অগাস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যমজ সন্তানের জন্ম দেন। পরদিন ভোরের দিকে একটি ছেলেকে হাসপাতাল থেকে চুরি করা হয়। এ ঘটনায় আলোড়ন সৃষ্টি হলে হাসপাতাল কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। শাহবাগ থানায় একটি মামলাও দায়ের করা হয়।