রায় ফাঁসের মামলা

সাকা চৌধুরীর স্ত্রী-ছেলে আইনজীবীর বিরুদ্ধে অভিযোগপত্র

আপডেট : ২৮ আগস্ট ২০১৪, ১৬:১৯

যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় ফাঁসের মামলায় তার স্ত্রী, ছেলে ও আইনজীবীসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহাজাহান হোসেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই অভিযোগপত্র জমা দেন।
অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন- সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী, তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী, সাকা চৌধুরীর আইনজীবী ফখরুল ইসলাম, ফখরুলের সহকারী মেহেদী হাসান, সাকা চৌধুরীর ম্যানেজার মাহবুবুল আহসান এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কর্মচারী নয়ন আলী ও ফারুক হোসেন।
আসামিদের মধ্যে ফারহাত, হুম্মাম ও মেহেদী ছাড়া বাকি আসামিরা কারাগারে রয়েছেন বলে জানা গেছে। ওই তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে অভিযোগপত্রে।