শেয়ারবাজারে দর সংশোধন

আপডেট : ২৮ আগস্ট ২০১৪, ১৮:৫১
 
 
 
শেয়ারবাজারে আজ বৃহস্পতিবার দর সংশোধন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা তিন দিন ডিএসইতে সূচক বাড়ার পর আজ কিছুটা দর সংশোধন হয়েছে। ফলে কমেছে ডিএসইর সূচক। কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেরও (সিএসই) সার্বিক মূল্য সূচক। তবে উভয় স্টক এক্সচেঞ্জেই লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৬৩২ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে ৯ শতাংশ বেশি। আর সিএসইতে লেনদেন বেড়েছে ১৩ কোটি টাকা।
তথ্যে দেখা গেছে, আজ ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২১ পয়েন্ট কমে ৪ হাজার ৫৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৮ পয়েন্ট কমে ১ হাজার ৭২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬৩২ কোটি ২১ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৫৩ কোটি ৫৯ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ৩০০টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১১০টির, কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ারের। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৩১ পয়েন্ট কমে ১৪ হাজার ১৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৫৪ কোটি ৫১ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ১৩ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২২৭টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৭২টির কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ারের।
ডিএসই সূত্রে জানা গেছে, অস্বাভাবিকভাবে শেয়ার দর বাড়ার পেছনে সংবেদনশীল কোন কারণ নেই বলে জানিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রগতি ইন্স্যুরেন্স। এর আগে  কোম্পানির কাছে সামপ্রতিক শেয়ার দর বাড়ার কারণ জানতে চেয়ে চিঠি পাঠায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। এর জবাবে দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে  কোম্পানি কর্তৃপক্ষ। পর্যবেক্ষণে দেখা যায়, গত ৫ কার্যদিবস ধরে প্রগতি ইন্স্যুরেন্সের শেয়ার দর ৪০ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে ৪৭ টাকা পর্যন্ত ওঠে। অর্থাত্ এই সময়ে শেয়ারটির দর বেড়েছে ৬ টাকা ৫০ পয়সা বা ১৬ শতাংশ।
বিবিধ খাতের সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদেনে দেখা গেছে, শেয়ার প্রতি আয় বা ইপিএস বেড়েছে ১৪ দশমিক ৭০ শতাংশ। কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ৭৭ লাখ ৯০ হাজার টাকা। আর শেয়ার প্রতি আয় হয়েছে ৩৯ পয়সা। আগের বছর একই সময়ে মুনাফা ছিল ৬৭ লাখ ৬০ হাজার টাকা এবং ইপিএস ছিল ৩৪ পয়সা।
 

 

 
ইঅ/চৌফে/শ৩২১