আবেগঘন এক ভিডিও বার্তায় ছেলের মুক্তির জন্য জঙ্গি সংগঠন ইসলামি স্টেটের (আইএস) নেতা আবু বকর আল বাগদাদির কাছে আবেদন জানিয়েছেন এক মার্কিন সাংবাদিকের মা। গত এক বছর আগে সিরিয়ায় নিখোঁজ হন ঐ সাংবাদিক। আজ বৃহস্পতিবার এক সংবাদে বিবিসি এ তথ্য জানিয়েছে।
জঙ্গিদের হাতে আটক ঐ সাংবাদিকের নাম স্টিভেন সটলফ। সটলফের মা সারলি সটলফ ঐ ভিডিও বার্তায় তার ছেলেকে ছেড়ে দেয়ার জন্য দলটির নেতা বাগদাদির নিকট সরাসরি আকুতি জানান। জঙ্গিদের প্রকাশ করা এক ভিডিওতে স্টিভেনকে দেখানো হয়। এ সময় জেমস ফোলি নামে এক মার্কিন সাংবাদিককে বিচ্ছিন্ন মস্তক দেখানো হয়। এরপর জঙ্গিরা বলেন, ইউএস প্রেসিডেন্ট বারাক ওবামার পরবর্তী পদক্ষেপের ওপর স্টিভেনের জীবন নির্ভর করছে। সম্প্রতি ইরাকে আইএস এর লক্ষ্যবস্তুগুলোতে বেশ কয়েকবার বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
এ দিকে সারলিফ তার দেয়া বার্তায় বলেছেন, মার্কিন সরকারের কর্মকাণ্ডের ওপর তার ছেলের কোন প্রভাব নেই। সে একজন নিষ্পাপ সাংবাদিক। তার মধ্যে আমি সকলকে ক্ষমা করার শিক্ষা দিয়েছি। তাই আমার সন্তানকে তোমরা মুক্তি দাও। তিনি বলেন, আমার ছেলে ‘অত্যাচারী শাসকদের অধীনে মুসলিমদের দু:খ-কষ্ট’ সম্পর্কে প্রতিবেদন তৈরির কাজ করার জন্য মধ্যপ্রাচ্যে গিয়েছিল। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমাদের নবী মহাম্মদের রেখে যাওয়া দৃষ্টান্তগুলো অনুসরণ কর। ও দিকে গত রবিবার আল নুসরা জঙ্গিদের হাতে দুই বছর ধরে আটক মার্কিন সাংবাদিক পিটার থিউ কার্টিসকে (৪৫) মুক্তি দেওয়া হয়েছে।
ইঅ/চৌফে/শ২০৬
