১৪ দলের সাংবাদিক সম্মেলনে নাসিম

শেখ হাসিনাকে টার্গেট করে চক্রান্ত করে বিএনপি

আপডেট : ২৮ আগস্ট ২০১৪, ১৮:৩৯
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘শোকের মাস আগস্ট আসলেই বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তার সহযোগীরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে টার্গেট করে আঘাত করার চেষ্টা করে। একই সঙ্গে তারা লিপ্ত থাকে নানা চক্রান্তে। আর এ আঘাত ও চক্রান্তের অংশ হিসেবে বিএনপি নেত্রী গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে মিথ্যা জন্মদিন পালনের নামে কেক কেটে উল্লাস করেছেন এবং রবিবার শেখ হাসিনাকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’
সোমবার বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলীয় জোটের পক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন। নাসিম বলেন, ‘আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, সন্ত্রাস, অস্থিতিশীলতা সৃষ্টি ও মিথ্যাচার কোনো কিছু দিয়েই গ্রেনেড হামলা মামলার আসামি তারেক রহমানকে রক্ষা করা যাবে না।’
তিনি বলেন, সাম্প্রতিককালে বিএনপি’র মূল নেতৃত্বের আশকরায় তাদের নীচু সারির অনুজরা পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী, জাতীয় নেতা-নেত্রীদের সম্পর্কে কুৎসিত, কুরুচিপূর্ণ গালাগালি, কটূক্তি যথেচ্ছাচারভাবে করছে। যা শান্তিকামী গণতন্ত্রপ্রিয় দেশবাসীর কাছে কোনো অবস্থাতেই কাম্য নয়।
রবিবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নাসিম আরও বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে মিথ্যাচার করছে। তারা হতাশায় নিমজ্জিত। বিএনপি সবসময় আওয়ামী লীগকে আক্রমণের জন্য আগস্ট মাসকে বেছে নেয়।
মোহাম্মদ নাসিম বলেন, সাক্ষ্য প্রমাণে আজ এটা স্পষ্ট যে, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার নেপথ্যে নেতৃত্বদান করেছেন তারেক রহমান। একই সঙ্গে তত্কালীন মন্¿িসভার সদস্যরা জড়িত। যা আজ তদন্তের মধ্য দিয়ে সুস্পষ্টরূপে বেরিয়ে এসেছে। এদের বিচার হবেই। কেউ রেহাই পাবে না।
সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগ নেতা ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ফরিদুন্নাহার লাইলী, মৃণাল কান্তি দাস, সুজিত রায় নন্দি, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য আবু সাঈদ খান, ভাইস চেয়ারম্যান আজিজ বাঙ্গাল, দপ্তর সম্পাদক এম সালাহউদ্দিন আহমেদ, ওয়ার্কার্স পার্টির আনিসুর রহমান মল্লিক, কামরুল হাসান, গণতন্ত্রী পার্টির নূরুর রহমান সেলিম, শহীদুল্লাহ শিকদার, কমিউনিস্ট কেন্দ্রের ডা. ওয়াজেদুল ইসলাম, গণআজাদী লীগের এস কে শিকদার, বাসদের রেজাউর রশীদ খান প্রমুখ। কেন্দ্রীয় ১৪ দলের শরিকরা বিএনপির এই মিথ্যাচারের জবাবে তাদের নিজ নিজ দলের বক্তব্য আগামীতে তুলে ধরবে বলেও সাংসাদিক সম্মেলনে জানানো হয়।