বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়নুল আবদিন ফারুক বলেছেন, বিএনপি রাজপথে গণতান্ত্রিক পন্থায় আন্দোলন করছে। এ আন্দোলনের মাধ্যমে সরকারের কী ভাবে পতন হবে তা তারা টেরও পাবে না। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘দৈনিক ইনকিলাব সম্পাদকের বাসায় পুলিশি তল্লাশির প্রতিবাদ ও বার্তা সম্পাদকের নিঃশর্ত মুক্তির দাবি’ শীর্ষক এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
ফারুক বলেন, বর্তমান সরকার অবৈধ। পহেলা সেপ্টেম্বর জাতীয় সংসদের অধিবেশন বসছে। সরকারকে বলব— বৈধতা প্রমাণ করার জন্য সব দলের অংশগ্রহণে সেপ্টেম্বর মাস শুরুর আগেই নির্বাচন দিয়ে আপনারা বিদায় নিন। তিনি বলেন, সরকার যেহেতু অবৈধ তাই বর্তমান সংসদও অবৈধ। এ সংসদে যে আইন পাস করা হবে সেটিও হবে অবৈধ। কারণ জনগণের ভোট ছাড়াই ১৫৪ জন এমপি হয়েছেন।
জাতীয় সমপ্রচার নীতিমালার সমালোচনা করে সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, নীতিমালা পাসের আগে এ পেশার কর্মীদের সাথে বসুন। কারণ, যারা পাস করবে তারা তো সাংবাদিক না। তারা তো সাংবাদিকতা আর সাংবাদিকদের দুঃখ বোঝেন না।
মানববন্ধনে সংগঠনের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, জিয়া নাগরিক ফোরাম সভাপতি মিয়া মো. আনোয়ার প্রমুখ বক্তব্য রাখেন।
ইঅ/চৌফে/শ১৭৯
