গত ২৪ অগাস্ট সাংবাদিকদের একটি গ্রুপের হামলায় আহত হন বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি কাজী মোবারক হোসেন, আলোকিত বাংলাদেশের প্রতিনিধি মনিরুজ্জামান তুফান, সকালের খবরের প্রতিনিধি তানভীর রাহয়ান, দৈনিক বর্তমানের প্রতিনিধি সুব্রত মন্ডল, অর্থনীতি প্রতিদিনের প্রতিনিধি রাজ এবং প্রাইম খবরের প্রতিনিধি শাহিন।
এ ঘটনায় গত মঙ্গলবার সন্ধ্যায় কাজী মোবারক হোসেন হামলায় নেতৃত্ব দেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জসিম রেজাকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছিলেন। এর সাড়ে ৭ ঘণ্টা পর জসিম রেজা পাল্টা আরেকটি মামলা করেন।
বৃহস্পতিবার দুই পক্ষই আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে শুনানি নিয়ে বিচারক আবেদন মঞ্জুর করেন। ঢাকার তিন নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ শেখ তাদের জামিন মঞ্জুর করেন।
হামলার শিকার মোবারক হোসেনের দাবি, ‘ভুয়া’ দুই সাংবাদিককে সমিতির সদস্য করতে না চাওয়ার জেরে কালের কণ্ঠের প্রতিনিধি জসিম রেজার নেতৃত্বে হামলা চালায়। অন্যদিকে জসিম রেজার দাবি, মোবারকরাই তাদের কর্মসূচিতে হামলা চালিয়েছিল।
হামলার ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন সাংবাদিক সমিতির কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিতের পাশাপাশি ঘটনা তদন্তে কমিটি গঠন করে।
