নূর হোসেনকে আদালতে হাজির করা হবে আজ

আপডেট : ২৯ আগস্ট ২০১৪, ১১:২১

নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে আজ শুক্রবার দুপুরে পশ্চিমবঙ্গের বারাসাত আদালতে তোলা হচ্ছে। এদিকে নূর হোসেনের সঙ্গে গ্রেফতার হওয়া দুই সহযোগীর মধ্যে খান সুমন জামিন পেয়েছেন বলে জানা গেছে। তবে গতকাল পর্যন্ত তিনি কারাগার থেকে মুক্তি পাননি। অপর সহযোগী ওয়াদুজ্জামান শামীমের জামিন শুনানি আগামী ২ সেপ্টেম্বর।
গত ১৬ আগস্ট নূর হোসেনকে আদালতে হাজির করার কথা ছিল। কিন্তু সংশ্লিষ্ট থানা থেকে মামলার নথি আদালতে না পাঠানোর কারণে ঐ দিন তাকে হাজির করা হয়নি। এ অবস্থায় আদালত নূর হোসেনকে আরও ১৩ দিন জেল হাজতে থাকার নির্দেশ দিয়ে ২৯ আগস্ট মামলার তারিখ ধার্য করেন। নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা সূত্র জানিয়েছে, নূর হোসেনের ব্যাপারে আজ আদালত কোন নির্দেশনা দিতে পারেন বলে তারা আশা করছেন।
সূত্র জানায়, নূর হোসেন গ্রেফতার হওয়ার পর থেকে তার পক্ষে আদালতে জামিনের জন্য কেউ আবেদন করেননি। তবে সর্বশেষ গত ২ আগস্ট কারাগার থেকে আদালতে নেয়ার সময় নূর হোসেন উপস্থিত সাংবাদিকদের জানিয়েছেন, তার স্বজনরা বাংলাদেশ থেকে কলকাতা এসেছেন। তাদের সঙ্গে আলোচনা করে জামিনের আবেদন করবেন।
অন্যদিকে নূর হোসেনের সঙ্গে গ্রেফতার হওয়া দুই সহযোগীর মধ্যে খান সুমন জামিন পেয়েছেন। অপর সঙ্গী ওয়াদুজ্জামান শামীমের জন্যও জামিনের আবেদন করা হয়েছে। এ ব্যাপারে বারাসাত জেলা ও জজ আদালতে ২ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য রয়েছে। তাদের দু’জনের পক্ষে প্রথমে বারাসাত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন জানালেও তা প্রত্যাখ্যান হয়। পরে বারাসাত দায়রা জজ আদালতে আবেদন করা হয়। এ আদালতেই জামিন পেয়েছেন খান সুমন।
গত ১৪ জুন রাতে কলকাতার কৈখালী এলাকার একটি ফ্ল্যাট থেকে ওই দুই সহযোগীসহ গ্রেফতার হন নূর হোসেন। তাদের বিরুদ্ধে ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়েছে। বর্তমানে তাদের রাখা হয়েছে দমদম কেন্দ্রীয় কারাগারে।
আদালতকে ওই সময় জানানো হয়, নারায়ণগঞ্জের সাত খুনের মামলাসহ একাধিক অপরাধে নূর হোসেন অভিযুক্ত। বাংলাদেশ সরকার তার বিরুদ্ধে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করেছে।