ইউক্রেনে তাণ্ডবে প্রায় ২৬শ’ লোক নিহত

রাশিয়াকে দায়ী করল ন্যাটো

আপডেট : ২৯ আগস্ট ২০১৪, ১৭:৫০

পূর্ব ইউক্রেনে ভয়ঙ্কর সংঘর্ষের জন্য রাশিয়াকে দায়ী করেছে ন্যাটো। দেশটির বিদ্রোহীদের আন্দোলনে রুশ সৈন্যরা সহযোগিতা করার পর এই অভিযোগ তুলল ন্যাটো।

সংস্থাটির সেক্রেটারি জেনারেল এন্ডারস ফগ রাসমাসেন বলেছেন, রাশিয়া অন্যায়ভাবে ইউক্রেনে প্রবেশে করেছে এটা এখন পরিস্কার। তিনি আরও বলেন, ইউক্রেনের নিরাপত্তার স্বার্থে নেয়া সকল সিদ্ধান্তকে ন্যাটো সমর্থন করে। তবে সৈন্য ও অস্ত্র পাঠানোর বিষয়টি অস্বীকার করেছে রাশিয়া।

 

ইউক্রেনের পূর্বাঞ্চলে গত মধ্য এপ্রিলে সহিংসতা শুরুর পর এ পর্যন্ত ২৬শ’ লোক প্রাণ হারিয়েছে। শুক্রবার জাতিসংঘের সর্বশেষ রিপোর্টে এ কথা বলা হয়। ঘনবসতিপূর্ণ এলাকায় কিয়েভের সেনাবাহিনী ও রুশপন্থী বিদ্রোহীদের মধ্যে সহিংসতার কারণে নিহতের সংখ্যা দ্রুত বাড়ছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়। এতে বলা হয়, ইউক্রেনের পূর্বাঞ্চলে অন্তত ২ হাজার ৫৯৩ জন নিহত হয়েছে। উভয় পক্ষের সহিংসতাকালে অপহরণ ও নিপীড়নের মতো মানবাধিকার লংঘনেরও ঘটনা ঘটছে বলেও রিপোর্টে বলা হয়। খবর বিবিসির।