রৌমারী সীমান্তে গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪৩

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে আব্দুল হালিম (৩৬) নামে এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনদিন পর হালিমের নিজ বাড়ি থেকে শনিবার লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড় গ্রামের আয়ের উদ্দীনের ছেলে। 

গ্রামবাসী ও প্রত্যেক্ষদর্শীরা জানান, একদল গরু ব্যবসায়ী আন্তর্জাতিক সীমান্ত ১০৬০-৬১ নং পিলারের মাঝামাঝি দিয়ে ভারত থেকে অবৈধ পথে গরু পারাপার করছিল। এ সময় ভারতের ক্যাশারভিটার বিএসএফ ক্যাম্পের সদস্যরা গরু ব্যবসায়ী আব্দুল হালিম, ছবেদ আলী, আয়নালকে ধাওয়া করে। এ সময় বাঁশের আঘাতে আব্দুল হালিম (৩৬) গুরুতর আহত হন। 

সঙ্গে থাকা অন্য গরু ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে শুক্রবার প্রাথমিক চিকিৎসা দিতে রৌমারী হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মযমনসিংহ মেড়িকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানেও তার অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেড়িকেল কলেজ হাসপাতালে পাঠান।

পথিমধ্যে গুরুতর আহত হালিম মারা যান। পরে সঙ্গে থাকা অন্য গরু ব্যবসায়ীরা তাকে গ্রামের বাড়িতে নিয়ে যায়। 

আরও পড়ুনঃ গোয়াইনঘাটের পল্লীতে যুবকের লাশ উদ্ধার

এ ব্যাপারে গয়টাপাড়া বিজিবি ক্যাম্প কমান্ডার নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ব্যাপারে আমার নিকট কেউ অভিযোগ করেনি। এটি পুলিশের দায়িত্ব। এ ব্যাপারে রৌমারী থানার অফিসার ইনচার্জ আবু মোঃ দিলোওয়ার হাসান ইনাম বলেন, ‘খবর পেয়ে তার বাড়ি থেকে লাশ উদ্বার করে কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।’

ইত্তেফাক/নূহু