বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে সম্পর্ক

উপকূলীয় জাহাজ সেবা চালু করছে ভারত

আপডেট : ২৯ আগস্ট ২০১৪, ১৯:৫৯
 
 
 
 
বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে সম্পর্ক আরো জোরদারে নিয়মিত ভিত্তিতে উপকূলীয় জাহাজ যাতায়াত সেবা চালু করছে ভারত। ভারতের শিপিং কর্পোরেশন (এসসিআই) আগামী অক্টোবরে মিয়ানমারের সঙ্গে নতুন এই শিপিং লাইন চালু করবে। একই মাসে ভারত-বাংলাদেশ উপকূলীয় রুটে পরীক্ষামূলকভাবে জাহাজ চলাচল শুরু হবে। চলতি বছরের শেষ নাগাদ বাংলাদেশের সমুদ্রবন্দর ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় বন্দরের মধ্যে নিয়মিত উপকূলীয় জাহাজ চলাচল শুরু হতে পারে। আজ শুক্রবার ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ার এক খবরে ভারতের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। 
বলা হচ্ছে, বর্তমানে ভারত-মিয়ানমারের মধ্যে সরাসরি কোনো জাহাজ চলাচলের সেবা নেই। মিয়ানমারের সঙ্গে ভারতের সরাসরি জাহাজ চলাচল শুরু হলে মিয়ানমারে ভারতীয় পণ্য রপ্তানি ও মিয়ানমার থেকে পণ্য আমদানিতে অনেক সময় লাঘব হবে। এজন্য এসসিআইকে প্রথম ছয় মাসের জন্য ভর্তুকি দেয়া হবে। ইতিমধ্যে ভারত ও মিয়ানমার তাদের বাণিজ্য ২০১৫ সালের মধ্যে ৩ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করতে একমত হয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, উপকূলীয় জাহাজ চলাচল সেবা নিয়মিতভাবে শুরু করা গেলে সড়ক পথে পণ্য পরিবহণের বোঝা কমবে একইসঙ্গে দুটি দেশের সঙ্গে ভারতের বাণিজ্য বৃদ্ধি পাবে। বর্তমানে দুই দেশের সঙ্গে ছোট নৌযান চলাচলের জন্য নৌ-প্রটোকল বিদ্যমান আছে।
 
ইঅ/চৌফে/শ১৮৭