‘ফারুকী ও মগবাজারে ৩ খুনের ঘটনায় মানুষ আতঙ্কিত’

আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে একটি চক্র মাঠে নেমেছে : সুরঞ্জিত

আপডেট : ২৯ আগস্ট ২০১৪, ২০:৪৭
 
 
 
 
 
আওয়ামী লীগে উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে একটি বিশেষ চক্র মাঠে নেমেছে।’ আজ শুক্রবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত ‘চলমান রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি আরো বলেন, ‘এক দিনের ব্যবধানে সুপ্রিম কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা নুরুল ইসলাম ফারুকী ও মগবাজারে ৩ খুনের ঘটনায় মানুষ আতঙ্কিত। তাই এ বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো সজাগ ও সচেতন থাকতে হবে।’
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘ঘরের মধ্যে এসে মানুষ খুন করে যাবে, এ অরজাকতা চলতে পারে না। এ ব্যাপারে পুলিশ বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণায়লকে আরও দৃঢ় পদক্ষেপ নিয়ে সাধারণ মানুষকে আশ্বস্ত করতে হবে।’
সুরঞ্জিত বলেন, ‘একটি মহল দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির সুযোগ নিয়ে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। সরকারকে এ দিকে লক্ষ্য রাখতে হবে।’
সংগঠনের উপদেষ্টা হাজী মোহাম্মদ সেলিম এমপির সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন জাসদ নেতা মীর হোসেন আকতার, বঙ্গবন্ধু একাডেমীর মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ।
 
ইঅ/চৌফে/শ১৭০