সরকারের শেষ রক্ষা হবে না: মির্জা ফখরুল

আপডেট : ২৯ আগস্ট ২০১৪, ২১:২০
 
 
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বর্তমান সরকারের নির্মম ও স্বেচ্ছাচারিতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশবাসী যখন সোচ্চার, তখন সরকার আরও বেপরোয়া ও দিশেহারা হয়ে উঠেছে। তাদের একমাত্র লক্ষ্যই হচ্ছে বিরোধী দলের নেতা-কর্মীরা যাতে বর্তমান অবৈধ সরকারের স্বেচ্ছাচারিতা ও গণবিরোধী কার্যকলাপসহ স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে কঠিন প্রতিরোধ গড়ে তুলতে না পারে। কিন্তু তাতে সরকারের শেষ রক্ষা হবে না।’ তিনি বলেন, ‘এ কারণেই বিরোধী-দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, গ্রেফতার, রিমান্ডে নিয়ে বর্বরোচিত নির্যাতন, হত্যা, গুম, অপহরণ এবং আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে।’ সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির ২৪ জন নেতা-কর্মী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দেওয়া এক বিবৃতিতে তিনি এ সব কথা বলেন।
বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ ধর্মপাশা উপজেলা বিএনপির ২৪ জন নেতা-কর্মীকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় কারাগারে প্রেরণের ঘটনা বর্তমান অবৈধ ও গণবিচ্ছিন্ন সরকারের ধারাবাহিক অপকর্মেরই অংশ।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘সংবিধান বর্ণিত জনগণের মৌলিক ও গণতান্ত্রিক অধিকারের ওপর হস্তক্ষেপ এবং বিরোধী দলের ওপর নির্যাতন-নিপীড়ন করে ক্ষমতা আঁঁকড়ে রাখতে সরকারের স্বেচ্ছাচারী কর্মকাণ্ড দেশের সচেতন জনগণকে সঙ্গে নিয়ে রুখে দেওয়া হবে ইনশাআল­াহ।’
মির্জা ফখরুল অবিলম্বে সুনামগঞ্জ জেলা ও ধর্মপাশা উপজেলা বিএনপির নেতা-কর্মীদের মুক্তি এবং তাদের বিরুদ্ধে দায়ের করা বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।
 
ইঅ/চৌফে/শ২২২