পাকিস্তানে সংকট ঘনীভুত

আপডেট : ৩০ আগস্ট ২০১৪, ০০:১৩
শুক্রবার পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়, চলমান সংকট সমাধানে সরকার তাদের ‘সহায়তাকারীর’ ভূমিকা পালনে আহ্বান জানিয়েছে। পাকিস্তানে আন্দোলনকারী দলগুলোর অন্যতম নেতা ইমরান খান শুক্রবার অভিযোগ করেছেন, সংকট সমাধানে তিনি সেনাবাহিনীকে জড়ানোর কোনো কথা বলেননি। অথচ বৃহস্পতিবার সংকট সমাধানে মধ্যস্থতা করার জন্য সেনাপ্রধানকে দায়িত্ব দিয়েছেন নওয়াজ শরিফ সরকার।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়া দুটি দলের সমালোচনা করে বলেন, ‘এই দুটি দলের বিচার বিভাগের ওপর আস্থা নেই। তারা জাতীয় পরিষদের বিরোধী দলকে বিশ্বাস করে না; তারা আইনজীবী, ট্রাইব্যুনাল বিশ্বাস করে না—তারা যদি সেনাবাহিনী ছাড়া আর কাউকেই বিশ্বাস না করে, তাহলে সরকারের কাছে আর কী বিকল্প থাকতে পারে?’ স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, আন্দোলনরত দল দুটির অনুরোধের পরিপ্রেক্ষিতেই সেনাবাহিনীকে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনে সরকার অনুমোদন দিয়েছে।
তার এ দাবি নাকচ করেছে আন্দোলনরত দুই দলের নেতা ইমরান খান ও  তাহির উল কাদরি। তাহির উল কাদরি বলেন, ‘তাঁরা জাতির সঙ্গে প্রতারণা করেছে। তাঁরা জাতীয় পরিষদে দাঁড়িয়ে মিথ্যা বলেছেন। দুঃখজনক বিষয় যে এটা পাকিস্তানের পার্লামেন্ট।’

ইমরান খান বলেন, তাঁর দলও সরকার এবং আন্দোলনকারী পক্ষের মধ্যে মধ্যস্থতার জন্য সেনাবাহিনীকে যুক্ত করা দাবি তোলেনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী মিথ্যা বলেছেন।