নারায়ণগঞ্জে নাশকতার মামলার আসামি জামায়াতের ৩৬ জন

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১৭

 

নারায়ণগঞ্জ শহরের নবীগঞ্জ ঘাট এলাকায় শুক্রবার একটি ভাড়া করা লঞ্চ থেকে জামায়াত ও শিবিরের ১০ জনকে গ্রেপ্তারের ঘটনায় মামলা হয়েছে। এতে মহানগর জামায়াতের ইসলামীর আমীর মাওলানা মাঈনউদ্দিন আহমদ, বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতা বদিউজ্জামান বাদল ওরফে লঞ্চ বাদলসহ ৩৬ জনকে আসামি করা হয়েছে।

মামলায় বাদলকে নাশকতার যোগানদাতা হিসেবে আখ্যায়িত করা হয়। শনিবার নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এস, আই প্রকাশ চন্দ্র সরকার বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, নবীগঞ্জ ঘাটে নোঙর করা একটি লঞ্চ থেকে নাশকতা করার পরিকল্পনা কালে সিদ্ধিরগঞ্জ থানা জামায়াতের আমির কাউসার আহম্মেদ, এনায়েতউল্লাহ আব্বাসীসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়। মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন জৈনপুরী হুজুর এনায়েতউল্লাহ আব্বাসীর বড় ভাই সৈয়দ ইমদাদ উল্লাহ আব্বাসী, মো. কাউসার আহম্মেদ, মো. মিশনুর রহমান, মো. সাইদুর রহমান, লোকমান হোসেন, মোক্তার হোসেন, মো. জসিম উদ্দিন, মো. রবিন, মো. রফিক ও মো. লুৎফর রহমান। 

অন্য আসামিরা হলেন, মাইনুদিদ্দন, মো, জাকির হোসেন, আবু সাইদ, আবুল কালাম, বাহার উদ্দিন ও মো. বদিউজ্জামান বাদল। এছাড়াও মামলাটিতে মহানগর জামায়াতের আমীর মাঈনউদ্দিন আহমদ, জাকির হোসেন, আবু সাঈদ, আবুল কালাম, বাহারউদ্দিন, বদিউজ্জামান বাদলসহ অজ্ঞাত আরো ২০ জনকে আসামী করা হয়।

আরো পড়ুন: সবাই কাশ্মীরিদের পাশে দাঁড়ান: মোদী 

মামলায় অভিযোগ করা হয়, অভিযানের সময়ে তারা পালিয়ে যায়। এ সময় দুইটি যাত্রীবাহী লঞ্চ, জিহাদী বই ও মুঠোফোন জব্দ করে ডিবি। 

ডিবি কর্মকর্তা জানান, জামায়াত শিবিরের নেতাকর্মীরা লঞ্চ দুটি ভাড়া করে শহরের বাইরে দূরে কোথাও গিয়ে একত্রিত হয়ে নাশকতা করার পরিকল্পনা করছিল বলে গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। 

ইত্তেফাক/অনি