প্রধানমন্ত্রীর সমাবেশ থেকে আগ্নেয়াস্ত্রসহ যুবলীগ নেতা আটক

আপডেট : ৩০ আগস্ট ২০১৪, ২১:৪১
সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার অনুষ্ঠিত শোক সমাবেশে কামরুল হাসান নামে যুবলীগের এক নেতা আগ্নেয়াস্ত্রসহ গোয়েন্দা সংস্থার হাতে আটক হয়েছেন। পরে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। তিনি আদাবর থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক।
শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শোক সমাবেশে প্রধানমন্ত্রী প্রধান অতিথি ছিলেন। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সমাবেশ চলাকালে উদ্যানের রমনা কালীমন্দির এলাকা থেকে কামরুল হাসানকে গুলিভর্তি একটি বিদেশি রিভলবারসহ গোয়েন্দা সংস্থা আটক করে। পরে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করে ঐ গোয়েন্দা সংস্থাটি।
থানায় কামরুল হাসান পুলিশের কাছে জানিয়েছেন যে, তার আগ্নেয়াস্ত্রটি লাইসেন্সকৃত। তিনি জানতেন যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে লাইসেন্সকৃত কোন আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ করা যায় না। এ কারণে তিনি দুঃখ প্রকাশ করেছেন।
ওসি আরো জানান, তাকে আটক রাখা হবে নাকি ছেড়ে দেয়া হবে—এ ব্যাপারে ঐ গোয়েন্দা সংস্থাই সিদ্ধান্ত নেবে।
এর আগে গত মঙ্গলবার বিকালে উত্তরার আশকোনায় হজ্জ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে দক্ষিণ খান থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আনিছুর রহমান নাঈমকে আগ্নেয়াস্ত্রসহ আটক করে একটি গোয়েন্দা সংস্থা। পরে বিমানবন্দর থানায় পুলিশের কাছে মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেয়া হয়।
 
ইঅ/চৌফে/শ১৭২