যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক আসর, ফোবানা সম্মেলন ২০১৪ শুরু হয়েছে। ২৮ বছর আগে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য গড়ে তোলার লক্ষ্যে এর যাত্রা শুরু হলেও এখন ফোবানা সম্মেলনকে ঘিরেই তাদের মধ্যে অনৈক্য ও বিভক্তি চরম আকার ধারণ করেছে। আর এ কারণেই প্রতিবছর একই সময়ে যুক্তরাষ্ট্রে হচ্ছে তিন থেকে চারটি ফোবানা সম্মেলন। এ বছরও যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক এবং ক্যালিফোর্নিয়ার লস এঞ্জলেসে শুরু হয়েছে ফোবানা নামে দুটি এবং পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় এনএবিসি সম্মেলন।
স্থানীয় সময় শনিবার থেকে নিউইয়র্কে শুরু হওয়া বিএনপি ঘরানার দুদিনব্যাপী ফোবানা সম্মেলনের উদ্বোধন করেন ড. তুহিন মালিক। নিউইয়র্কের লার্গোডিয়া ম্যারিয়ট হোটেলে অনুষ্ঠিত ফোবানা সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ঢাকার সাবেক মেয়র ও বিএনপির ভাইস-চেয়ারম্যান সাদেক হোসেন খোকা।
অনুষ্ঠানে বাংলাদেশের চলমান রাজনৈতিক এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে সাদেক হোসেন খোকা বলেন, বাংলাদেশের মানুষ শান্তিতে নেই। খুন-গুম এখন নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও তার মন পড়ে থাকে বাংলাদেশে। তাই দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরতে চান তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি আব্দুল লতিফ সম্রাট, সিনিয়র সহ-সভাপতি ও ফোবানার চেয়ারম্যান গিয়াস আহমেদ, প্রধান সমন্বয়কারী আতিকুর রহমান সালু, সদস্য সচিব সিরাজুল ইসলাম খান, সাংবাদিক মনির হায়দার প্রমুখ।
