পাকিস্তানে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ অব্যাহত আছে। এতে এ পর্যন্ত দুইজন নিহত ও তিন শতাধিক আহত হয়েছেন। দেশটির সরকার নওয়াজ শরীফের পদত্যাগের দাবিতে এই আন্দোলন চলছে। খবর বিবিসির।
শনিবার রাতভর এ সংঘর্ষের পর রবিবার সকাল ও বিকেলেও দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সকালের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তিনি পাকিস্তান আওয়ামি তেহরিক (পিএটি) দলের সদস্য। সকালে আন্দোলনকারীরা আবার জড়ো হয়ে পুলিশের কড়া পাহারা ও ব্যরিকেড দিয়ে ঘেরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে ফের অগ্রসর হওয়ার চেষ্টা করে। এতে নেতৃত্ব দেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ইমরান খান ও পিএটি দলের নেতা তাহির-উল-কাদরি। প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে একটি শিপিং কন্টেইনারের মধ্যে অবস্থান নিয়েছেন ইমরান, অপরদিকে কাদরি একটি বুলেট-প্রুফ গাড়িতে ঘটনাস্থলের কাছাকাছি অবস্থান নিয়েছেন।
সকালে এক ভাষণে ইমরান খান বলেছেন, দেশব্যাপী তার কর্মীদের ত্যাগ বৃথা যেতে পারে না। তিনি বলেন, “আমি আপনাদের কাছে প্রতিজ্ঞা করছি, আজই লড়াইয়ের শেষ দিন।”
