স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি-জামায়াত চক্রের ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের উন্নয়ন ব্যাহত করতে এবং গণতন্ত্র ধ্বংসের লক্ষ্যে বিএনপি-জামায়াত চক্র এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই তদের ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
আজ শনিবার সন্ধ্যায় জার্মানীর ফ্রাঙ্কফুটের একটি হোটেলে জার্মান আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মোহাম্মদ নাসিম জার্মানি থেকে টেলিফোনে বাসস’কে এ কথা জানিয়েছেন।
জার্মান আওয়ামী লীগের উপদেষ্টা আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন জার্মান আওয়ামী লীগ নেতা ইউনুস খান, আনিস তালুকদার, গোলাম কিবরিয়া মনি, মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের জার্মানীর বিভিন্ন শহর থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা যোগদান করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে সরকারের সফলতা সম্পর্কে বিদেশে অবস্থানরত বাংলাদেশীদের সচেতন করার জন্য মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে কাজ করার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, যারা হত্যার রাজনীতি করে তারা দেশেকে পিছিয়ে নিয়ে যাবার জন্য বারবার ষড়যন্ত্র করছে। তারা চায়না দেশ শান্তিপূর্ণ ভাবে চলুক এবং দেশ এগিয়ে যাক। তাই তারা নানা ভাবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাই আপনাদেরকে এই অপশক্তির ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয় মোকাবেলা করতে হবে।
আওয়ামী লীগের অর্জন সম্পর্কে বিশ্ববাসীকে অবহিত করতে প্রবাসী বাংলাদেশের অবদানকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শীতা, অবিচল মনোভাব এবং সাহসিকতার ফলে ৫ জানুয়ারীর নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ও সাংবিধানিকতা অব্যাহত থাকায় প্রবাসীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তাঁরা তাঁদের শ্রম ও নিষ্ঠার বিনিময়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার প্রচেষ্টা অব্যাহত রাখতে পারছেন। খবর বাসস।
