পথে-ঘাটে শুধু লাশের মিছিল: খালেদা জিয়া

আপডেট : ৩১ আগস্ট ২০১৪, ১৮:১১

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দেশব্যাপী পথে-ঘাটে শুধু লাশের মিছিল। বিদ্যুৎ-গ্যাস-পানি নিয়ে হাহাকার চারদিকে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। দেশজুড়ে গণহত্যা, গুম, গুপ্তহত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, নিপীড়ন ও নির্যাতনের মহোৎসব চলছে।
আজ রবিবার বিএনপির ৩৬ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বাণীতে খালেদা জিয়া এসব কথা বলেন।
দলের দফতর সম্পাদকের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিটি তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আজ দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে। ৫ জানুয়ারির তামাশার নির্বাচনের পর গণতন্ত্র এখন মৃতপ্রায়। দেশবিরোধী নানা চুক্তি ও কর্মকাণ্ডের মাধ্যমে বর্তমান সরকার জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে চলেছে। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে।
খালেদা জিয়া বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন এবং এর ধারাবাহিকতা বজায় রাখতে রাজনৈতিক দল হিসেবে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আমাদের এই প্রিয় দল অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে। ৯ বছরের স্বৈরাচার বিরোধী গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনেও বিএনপি রাজপথে আপসহীন অগ্রণী ভূমিকা পালন করে স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে।
খালেদা জিয়া বলেন, জনগণের আস্থা ও বিশ্বাস অক্ষুন্ন রেখে দেশ ও জনগণের সেবায় বিএনপি আগামী দিনগুলোতেও আরো বলিষ্ঠ ইতিবাচক ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।
তিনি বলেন, জাতীয় সম্প্রচার নীতি প্রতিরোধ করার জন্য আমি দলের সর্বস্তরের নেতাকর্মী এবং দেশবাসীকে আন্দোলন সংগ্রামের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের উদাত্ত আহ্বান জানাচ্ছি।
খালেদা জিয়া বলেন, জনগণের অধিকার আদায়ে তাদের দুঃখ-কষ্ট লাঘবে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও বহুদলীয় গণতন্ত্রের ধারা আবারো পুনঃপ্রতিষ্ঠার জন্য বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে, চালিয়ে যাবে। এই আন্দোলন এখন জনগণের হারানো ভোটাধিকার ও তাদের মর্যাদা প্রতিষ্ঠার জন্য, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূণর্বহালের জন্য।