তোবার আন্দোলন চলাকালে গত ৬ আগস্ট পুলিশের হামলার স্বীকার হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞানের সহকারী অধ্যাপক সামিনা লুত্ফা ও তার সহকর্মীরা। এ ঘটনায় লিখিত ক্ষমা চেয়েছেন অভিযুক্ত বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিল।
রবিবার সকালে পুলিশের চার সদস্যের একটি প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের ভিসির অফিসে গিয়ে এ ক্ষমা চায়। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস। এসময় তিনি ভিসি অফিসে উপস্থিত ছিলেন।
তিনি জানান, গতকাল সকালে হামলার ঘটনার নেতৃত্বদানকারী ওসি এমএ জলিল ভিসির কাছে লিখিত ক্ষমা প্রার্থনা করেন। এসময় তার সাথে ছিলেন পুলিশের রমনা জোনের সহকারী উপকমিশনার (এডিসি) শিবলী নোমান, সহকারী কমিশনার (এসি) আনোয়ার হোসেন ও শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ, অর্থনীতি বিভাগের অধ্যাপক এমএম আকাশ প্রমুখ।
প্রসঙ্গত নিজ গবেষণার কাজে গত ৬ আগস্ট তোবার আন্দোলনে উপস্থিত হলে পুলিশের হামলার শিকার হন সামিনা লুত্ফা ও তার সহকর্মীরা। পরে বিষয়টার সুষ্ঠু বিচারের নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বেশ কয়েকবার মানববন্ধন করেন। মানববন্ধনে হামলায় অভিযুক্ত পুলিশদের বিচারের কাটগড়ায় দাড় করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
