সোমবার, ১ সেপ্টেম্বর দীর্ঘ দুই মাস বিরতির পর সংসদ বসতে যাচ্ছে। দশম সংসদের এই অধিবেশনেই বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা ফিরিয়ে আনতে সংবিধানের ষোড়শ সংশোধন বিল উত্থাপনের কথা রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
জানা গেছে সংসদ বসার আগে বিকাল ৪টায় স্পিকারের সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে তৃতীয় অধিবেশনের মেয়াদ নির্ধারণ করা হবে। ওই বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ অংশ নেবেন। সংবিধান সংশোধনে আওয়ামী লীগের উদ্যোগের বিরোধিতা সংসদে করবে বলে ইতিমধ্যে জানিয়েছে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি।
এই অধিবেশনে উত্থাপনের জন্য রোববার পর্যন্ত তিনটি বিল সংসদ সচিবালয়ে জমা পড়েছে। এগুলো হলো- ‘বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ বিল-২০১৪’, ‘বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল বিল-২০১৪’, ‘বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ (সংশোধন) বিল-২০১৪’।
এছাড়া আরো চারটি বিল কমিটিতে বিবেচনাধীন এবং গত অধিবেশনের সময়ে সংসদ সচিবালয়ে জমা একটি বিল পাসের উত্থাপনের অপেক্ষায় রয়েছে। এর বাইরে ‘বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (সংশোধন) বিল-২০১৪’ সংসদে পাসের অপেক্ষায় রয়েছে।
৫ জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে গঠিত দশম সংসদের যাত্রা শুরু হয় গত ২৯ জানুয়ারি। বিএনপি সে অধিবেশন বর্জন করেছিল। গত ৩ জুলাই শেষ হয় চলতি সংসদের দ্বিতীয় অধিবেশন। ওই অধিবেশনেই ২০১৪-১৫ অর্থবছরের বাজেট পাস হয়।
সংসদের একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে।
