কমলাপুরে ১০টি স্বর্ণের বারসহ আটক ১

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৪, ১০:৪৮

রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে আজ সোমবার সকালে সোনার বারসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। এক কেজি ২০০ গ্রাম ওজনের সোনসহ সুজন ওরফে বাবরকে (২৬) আটক করে রেলওয়ে থানা পুলিশ। তার কাছে ১০টি সোনার বার পাওয়া যায়।
কমলাপুর রেলওয়ে থানার ওসি আবদুল মজিদ জানান, আজ সকালে চট্টগ্রাম থেকে ঢাকায় আসা তূর্ণা নিশীথা এক্সপ্রেসে আসা সুজন নামে এক যাত্রীর কাছে সোনার বারগুলো পাওয়া যায়। তার বাড়ি চট্টগ্রামে।
ওসি আরো জানান, স্টেশনে থামার পর ট্রেনের যাত্রী বাবরের গতিবিধি সন্দেহজনক হয়। পরে তাকে থামিয়ে দেহ তল্লাশি করে প্যান্টের মধ্যে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় দশটি সোনার বার উদ্ধার করে রেল পুলিশ। সোনার বারগুলোর বর্তমান বাজার মূল্য ৬০ লাখ টাকা। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।