বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মানহানির অভিযোগ দায়ের করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘খুনি’ ও তার দল আওয়ামী লীগকে ‘খুনির দল’ বলায় আজ সোমবার এ অভিযোগ দায়ের করেন আওয়ামী মৎস্যজীবী লীগের সহ-সভাপতি এস এম নূর-ই-আলম সিদ্দিক।
মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী তার অভিযোগ শুনে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন।
অভিযোগে বাদী পক্ষে চারজনকে সাক্ষী করা হয়েছে বলে জানিয়েছেন বাদীর আইনজীবী দুলাল মিত্র।
গত ২৪ অগাস্ট পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীকে খুনি ও তার দলকে খুনির দল বলার কারণে এই মামলার আবেদন করা হয়।
আর্জিতে বলা হয়েছে, বিষয়টি ওই দিন বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় ও অনলাইনে এবং পরের দিন বিভন্ন পত্রিকায় প্রকাশিত হয়। এতে ব্যক্তিগত, সামাজিক, জাতীয় ও অন্তর্জাতিকভাবে বাদীর নেত্রীর মানহানি হয়েছে।
