পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পদত্যাগের দাবিতে আন্দোলনরত কয়েক শ কর্মী আজ সোমবার দুপুরের দিকে রাষ্ট্রীয় টেলিভিশন সম্পচ্রার কেন্দ্র পিটিভির ভবন ঘেরাও করে। ঘেরাওয়ের আধা ঘণ্টার মধ্যে আন্দোলনকারীদের হটিয়ে দেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পিটিভির সম্প্রচার কিছু সময়ের জন্য বন্ধ থাকে।
এদিকে, পাকিস্তানের সরকারবিরোধী আন্দোলনকারীরা রাজধানী ইসলামাবাদে প্রধানমন্ত্রীর বাসভবনের কাছাকাছি চলে গেছে। এএফপি, রয়টার্স।
সপ্তাহব্যাপী আন্দোলন-বিক্ষোভের পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের জেরে বিক্ষুব্ধরা এই ঘটনা ঘটিয়েছে।
ভিডিওফুটেজে দেখা গেছে, বিক্ষুদ্ধ আন্দোলনকারীরা ইসলামাবাদের কেন্দ্রীয় এলাকায় পিটিভির সদরদফতরের প্রবেশ দ্বার ভেঙে ফেলে। ভেতরে প্রবেশের পর সেনা ও আধাসামরিক বাহিনীর সদস্যরা সেখানে ঢুকে যায়। তারা পিটিভি কার্যালয়ে পাথর ছুঁড়ছে, একজন সংবাদপাঠক এই খবর জানানোর সঙ্গে সঙ্গে টেলিভিশনটির সম্প্রচার বন্ধ হয়ে যায়, এবং পর্দা কালো হয়ে যায়।
এরআগে ওই সংবাদপাঠক জানিয়েছেন, পিটিভি’র কর্মী ও সাংবাদিকেরা যারা দায়িত্ব পালন করছিলেন তাদের মারধর করা হচ্ছে।
অন্যদিকে, আন্দোলনকারীরা লাঠিসোটা নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের কাছাকাছি যেতে চাইলে পুলিশ কাঁদুনেগ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।
তবে এ সময় প্রধানমন্ত্রী নওয়াজ বাসভবনে অবস্থান করছিলেন কিনা তা জানা যায় নি।
এরআগে শনিবার রাতভর সংঘর্ষে পুলিশ লাঠি পেটা, কাঁদুনে গ্যাস ও রবার বুলেট ব্যবহার করে। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে কমপক্ষে ৩ জনের মৃত্যুর খবর জানা গেছে। আহত হয় কমপক্ষে ৩০০ জন। রবিবারও সংঘর্ষ অব্যাহত ছিল।
