দুর্যোগময় পরিস্থিতিতে সরকার উদাসীন : খালেদা জিয়া

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৪, ১১:২৮
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, বন্যাকবলিত মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। এই রকম দুর্যোগময় পরিস্থিতিতে সরকার নির্লিপ্ত ও উদাসীন। আজ সোমবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়া বলেন, বন্যাকবলিত এলাকায় দুর্গত মানুষের সাহায্যার্থে এখন পর্যন্ত ত্রাণ তৎপরতায় সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। 
তিনি বলেন, বন্যাকবলিত এলাকায় অনেক রাস্তাঘাট তলিয়ে গেছে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে গেছে। নদী ভাঙ্গনে গ্রামের পর গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, হাটবাজার নদী ভাঙ্গনের শিকার হচ্ছে। বেঁচে থাকার জন্য খাদ্য, সুপেয় পানি ও ওষুধের তীব্র সংকটে পড়েছে। 
তিনি বলেন, দেশের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে ভয়াবহ বন্যার ন্যায় প্রাকৃতিক দুর্যোগে মানুষের প্রাণহানি, হাজার হাজার বাড়িঘর বিধ্বস্ত, ফসলী জমি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতিতে বিপন্ন বন্যাকবলিত মানুষদের প্রতি দেশবাসীর ন্যায় আমিও গভীরভাবে মর্মাহত।
তিনি বলেন, এমন প্রাকৃতিক দুর্যোগ বন্যার পানিতে ডুবে মৃত্যুবরণকারীদের পরিবার পরিজন এবং দুঃখ দুর্দশায় পতিত বেঁচে থাকা মানুষদের সহানুভূতি জানানোর ভাষা আমার জানা নেই।
বিএনপি চেয়ারপারসন বলেন, সরকারের সর্বনাশা নীতির কারণেই বেহাল রাস্তাঘাট, অসহনীয় বিদ্যুৎ বিভ্রাট এবং লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অসহনীয় মুদ্রাস্ফীতিতে দেশ আজ বিপন্ন। তার ওপর এই বন্যার ভয়াবহ ব্যাপকতা দেশবাসীকে চরম সংকটের দিকে ঠেলে দেবে। বন্যার্তদের সবাইকে এগিয়ে আসার আহবান জানান খালেদা জিয়া।