৭ বছরের অডিট আপত্তির নিষ্পত্তি হয়নি

রাজস্ব অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তির নির্দেশ

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৪, ১৮:৩৩
রাজস্ব সংক্রান্ত অডিট আপত্তি বছরের পর বছর অনিষ্পন্ন অবস্থায় রয়েছে। ফলে হাজার হাজার কোটি টাকার রাজস্ব আটকে আছে। এসব অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তির জন্য বৃহৎ করদাতা ইউনিটসহ (এলটিইউ) কর অঞ্চলগুলোকে নির্দেশ দিয়েছে রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে অডিট আপত্তি নিষ্পত্তি শেষে পাওনা রাজস্ব দ্রুততম সময়ে আদায়েরও নির্দেশ দেয়া হয়েছে। সম্প্রতি এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেন কর কমিশনারনদের সাথে বৈঠকে এমন নির্দেশ দেন। বিগত বছরের সব অডিট মামলা চলতি বছরের মধ্যে নিষ্পত্তি করতে প্রয়োজনে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) কার্যক্রমকে জোরদার করারও নির্দেশ দিয়েছেন তিনি। এনবিআরের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। 
সূত্র জানায়, বিগত সাত বছরের অডিট আপত্তিও অনিষ্পন্ন অবস্থায় পড়ে রয়েছে। অডিট আপত্তি ও মামলার কারণে কেবল এলটিইউতে বড় করদাতাদের কাছে অন্তত ৬ হাজার কোটি টাকা আটকে আছে বলে মনে করছে এনবিআর। বিভিন্ন কর বর্ষে বড় করদাতা কোম্পানিগুলো তাদের আয়কর বিবরণী জমা দিয়ে থাকেন। কর অঞ্চলগুলো এসব  বিবরণী পরীক্ষা করে করের পরিমাণ নির্ধারণ করে থাকে। কিন্তু  বিবরণীতে প্রদর্শিত আয়ের বিবরণী নিয়ে বিরোধ দেখা দেয়। আয়ের তথ্য গোপন করা হয়েছে মনে করে সেসব ফাইল বাছাই করে অডিটের জন্য কর মামলা নির্ধারণ করে তা এনবিআরে পাঠায়। এনবিআরের অনুমোদন পেলে করের দাবিনামা পেশ করা হয়। কিন্তু অডিট আপত্তির বিরুদ্ধে আদালতে রিট দায়ের করেন কোম্পানিগুলো। ওই মামলার সূত্র ধরে বছরের পর বছর ধরে তা অনিষ্পন্ন অবস্থায় আটকে থাকে। এ ধরনের মামলা বাড়তে বাড়তে অনিষ্পন্ন মামলার পরিমাণ কয়েক হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে।