বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের আন্দোলনের উদ্দেশ্য হবে, সব দলের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায় করা। জনগণের ঘাড়ে ‘জগদ্দল পাথরের’ মতো চেপে থাকা এই সরকারকে হটিয়ে নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের নিজেদের সরকার প্রতিষ্ঠা করবে। তিনি বলেন, বিএনপি নয়, বাংলাদেশই কঠিন সময় পার করছে।
বিএনপির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সোমবার সকালে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, সাংগঠনিকভাবে বিএনপির কোনো দুর্বলতা নেই। দলের সাংগঠনিক অবস্থা অত্যন্ত দৃঢ়।
ফখরুল বলেন, শেখ হাসিনার বক্তব্য সকল রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। তার কথার জবাব দিতে চাই না। তবে তিনি এ সব অশালীন বক্তব্য বন্ধ করে জনগণের কল্যাণের দিকে নজর দিন বলে আশা করে বিএনপি।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, আ স ম হান্নান শাহ, এম কে আনোয়ার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, রুহুল কবির রিজভী, মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জাফরুল হাসান, খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মাসুদ আহমেদ তালুকদার, হাবিবুর রহমান হাবিব প্রমূখ নেতারা।
