চীনের একটি প্রাথমিক বিদ্যালয়ে এক ব্যক্তির উপর্যুপরি ছুরিকাঘাতে কমপক্ষে তিন শিশু নিহত হয়েছে। হামলাকারী আট শিশু ও এক শিক্ষককে মারাত্মকভাবে ছুরিকাঘাত করে। চীনের সরকারি বার্তা সংস্থার খবরে বলা হয়, সোমবার মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের শিয়ানে একটি প্রাথমিক বিদ্যালয়ে এ ভয়াবহ হামলার পর চেন পদবির ওই ব্যক্তি একটি ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে।
এ ব্যাপারে বিস্তারিত উল্লেখ না করে স্থানীয় সম্প্রচার কেন্দ্র শিয়ান টেলিভিশনের খবরে বলা হয়, ওই ব্যক্তি তার শিশুকে এ প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করতে না পারার কারণে সে এ হামলা চালায়। স্থানীয় একটি সংবাদপত্রের খবরে ছয় শিশু নিহত হওয়ার কথা বলা হয়।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা এ হামলার ব্যাপারে কোন তথ্য দিতে অস্বীকৃতি জানিয়ে বলেন, ‘আমি হামলার ব্যাপারে কিছু জানি না। তবে তিনি জানান, পুলিশ কর্মকর্তারা এ হামলার ঘটনা তদন্ত করে দেখছেন।’
চীনে সাম্প্রতিক বছরগুলোতে শিশুদের ওপর কয়েকবার হামলার ঘটনা ঘটতে দেখা যায়। ২০১০ সালে এ ধরণের পাঁচটি হামলার ঘটনা ঘটে। এসব হামলায় ১৭ জন নিহত ও ৮০ জনের বেশী আহত হয়। নিহতদের মধ্যে ১৫ টিই শিশু।
