নারায়ণগঞ্জে সাত খুন

আরো এক র‌্যাব সদস্যের দায় স্বীকার

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৪, ১৭:৪৫
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন কিলিং মিশনে অংশ নেয়া র‌্যাব-১১ এর আরো এক সদস্য ল্যান্সনায়েক বিল্লাল হোসেন। আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম শফিকুল ইসলামের আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়।
প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ থেকে শুরু করে হত্যার পর কাঁচপুরে ট্রলারে লাশ তোলা এবং লাশের শরীরে রশি দিয়ে ইট বেধে নদীতে ফেলে দেয়ার পুরো ঘটনার বর্ণনা করেছেন তিনি। আলোচিত সেই হত্যাকাণ্ডের জন্য পুরো দোষারোপ করেছেন র‌্যাব-১১ এর চাকুরীচ্যুত ৩ কর্মকর্তাকে। শুধুমাত্র তাদের হুকুম ও আদেশ পালন করতে গিয়েই তিনি হত্যাকাণ্ডে সম্পৃক্ত হতে বাধ্য হয়েছেন বলে জবানবন্দীতে উল্লেখ করেন।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, আদালতে বিল্লাল হোসেন জবানবন্দী দিয়েছেন। এতে তিনি সাতজনকে অপহরণ ও হত্যাকাণ্ডের পুরো বিষয়গুলো উত্থাপন করেছেন।