কৌশল পরিবর্তন করছে রাশিয়া

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৪, ১৮:১১



ইউক্রেন সংকট ও পূর্ব ইউরোপে ন্যাটোর উপস্থিতির কারণে রাশিয়া সামরিক কৌশল পরিবর্তন করছে বলে দেশটির শীর্ষ পর্যায় থেকে জানানো হয়েছে। মঙ্গলবার ক্রিমলিনের এক উপদেষ্টা মিখাইল পোপভ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সঙ্গে সম্পর্কের অবনতির বিষয়টি পরিবর্তিত কৌশলে প্রতিফলিত হবে।


এর আগে সোমবার ন্যাটোর পক্ষ থেকে বলা হয়, পূর্ব ইউক্রেনের বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে তাদের পাশে থাকবে ন্যাটো। একই দিনে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দাবি করা হয়, রাশিয়া ঐ এলাকাকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। তবে প্রথম থেকে এই অভিযোগ অস্বীকার করে আসছে রাশিয়া।


পূর্ব ইউক্রেনে দেশটির সামরিক সদস্য ও রুশপন্থিদের মধ্যে সংঘর্ষ অব্যাহত আছে। গত এপ্রিলে শুরু হওয়া যুদ্ধে কমপক্ষে ২৬’শ মানুষ নিহত হয়েছে।


রাশিয়ান সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে মিখাইল পোপভ আরও বলেন, ন্যাটোর সদস্য দেশগুলোর সামরিক কাঠামো বড় পরিসরে রাশিয়ার বর্ডারের কাছে আনা হচ্ছে। ন্যাটোর এই ভুমিকা রাশিয়ার জন্য হুমকি স্বরূপ। তবে রাশিয়া কি ধরনের কৌশল অবলম্বন করছে সে বিষয়ে কিছু জানাননি তিনি।