মুসলিম সমপ্রদায়ের অন্যতম পবিত্র স্থান মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর সমাধিক্ষেত্র ভেঙে তার দেহাবশেষ অজ্ঞাত স্থানে সরিয়ে নেয়ার প্রস্তাব দেয়া হয়েছে। সৌদি আরবের এক শিক্ষাবিদের সঙ্গে আলোচনার পর এ সংক্রান্ত একটি প্রস্তাব মদিনায় ‘মসজিদে নববী’ পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছে পাঠানো হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক দৈনিক দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।
তবে প্রস্তাবটি বাস্তবায়নের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়েছে কিনা তা এখনো জানা যায়নি।
এরকম একটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থান ভেঙে ফেলার পরিকল্পনায় মুসলিম বিশ্বে নতুন ধরনের সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
সৌদি আরবের কট্টরপন্থী ধর্মীয় নেতারা ওহাবি মতাদর্শে দীক্ষিত। সুন্নি মুসলমানদের কট্টরপন্থী গোষ্ঠী ওহাবিরা মনে করে, কোনো ধর্মীয় ব্যক্তিত্ব কিংবা স্থাপনার প্রতি ভক্তি প্রদর্শন করা হারাম। এটি শিরক।
