আবারও সাতছড়িতে গোলাবারুদ উদ্ধার

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৪, ২৩:৫৪

হবিগঞ্জের সাতছড়ি থেকে র‌্যাব আবারও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে নয়টি এসএমজি, একটি এমএমজি, একটি বেটাগান, একটি ৭ দশমিক ৬২ মিলিমিটার বোরের অটোরাইফেল, ছয়টি এসএলআর, দুটি এলএমজি, একটি স্নাইপার টেলিস্কোপিক সাইট ও ২৪০০ গোলাবারুদ।

র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান জানান, গত ২৯ অগাস্ট থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত সাতছড়ির সংরক্ষিত বনাঞ্চলে অভিযান চালিয়ে টিলার মাটির নিচের গর্ত ও বাংকার থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গোলাবারুদ পাওয়া যায়।
এসব অস্ত্র ও গোলাবারুদ নিয়ে মঙ্গলবার দুপুরে র‌্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পে এক সংবাদ সম্মেলনেরও আয়োজন করা হয়।
মুফতি মাহমুদ বলেন, “এসব অস্ত্র কার তা এখনো নিরুপণ করা যায়নি। এর সাথে জড়িত কাউকে গ্রেপ্তারও করা যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।”
উল্লেখ্য, এর আগে গত ১ জুন থেকে ১৯ জুন সাতছড়ির সংরক্ষিত বনাঞ্চলে টিলার মাটির নিচের গর্ত ও বাংকার থেকে চারটি ৭ দশমিক ৬২ মিলিমিটার বোরের মেশিন গান, মেশিন গানের পাঁচটি অতিরিক্ত ব্যারেল, ২২২টি কামান বিধ্বংসী রকেট, ২৪৮টি রকেটের চার্জ, ৭ দশমিক ৬২- ৩৯ মিলিমিটার বোরের ১১ হাজার ৫৮০ বুলেট, ১২ দশমিক ৭ মিলিমিটার বোরের ২৮৪টি মেশিন গানের বুলেট, ৭ দশমিক ৬২-৫৪ মিলিমিটার বোরের ৪৪০টি বুলেট, ১৯টি মিশন গানের ড্রাম এবং যন্ত্রাংশ উদ্ধার করে র‌্যাব।”