ন্যাটোর জবাবে সামরিক শক্তি বাড়াচ্ছে রাশিয়া

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৪, ০১:৩৮

ন্যাটো ঘোষণা দিয়েছে তারা ইউক্রেনের সঙ্কট মোকাবেলায় দ্রুত ব্যবস্থা নিতে পারার মতো একটি বাহিনী গড়ে তুলছে। তাদের ঘোষণার পর রাশিয়াও তাদের সামরিক কৌশল আরো শক্তিশালী করার কথা বলেছে। ক্রেমলিনের একজন শীর্ষ কর্মকর্তা মিখাইল পোপভ বলেছেন, ন্যাটোর পরিকল্পনা তাদের জন্য একটা সামরিক হুমকি এবং তিনি ন্যাটোর বিরুদ্ধে রাশিয়ার সঙ্গে উত্তেজনায় আরো ইন্ধন জোগানোর অভিযোগ করেছেন।

ন্যাটোর পরিকল্পনায় বলা হচ্ছে, রুশ আগ্রাসন থেকে জোটের সদস্য দেশগুলোকে রক্ষা করার জন্যে দ্রুত ব্যবস্থা নিতে পারে, কয়েক হাজার সৈন্যকে নিয়ে এরকম একটি বাহিনী গড়ে তোলা হচ্ছে। ন্যাটো জোটে আছে ২৮টি সদস্য দেশ, যাদের মধ্যে রয়েছে পূর্ব ইউরোপের পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্র। জোটের সদস্য দেশগুলোই এই বাহিনীতে পালাক্রমে সৈন্য সরবরাহ করবে, যাদেরকে প্রয়োজনীয় স্থানে মোতায়েন করা যাবে ৪৮ ঘণ্টার মধ্যেই।
ন্যাটোর প্রধান বলেছেন, ইউরোপের পূর্ব দিকে সদস্য দেশগুলোতে আগে থেকেই সামরিক যন্ত্রপাতি স্থাপন করা থাকবে, যাতে প্রয়োজনে অল্প সৈন্য পাঠিয়েই জোরালোভাবে আক্রমণ করা যায়। ধারণা করা হচ্ছে, এ সপ্তাহেই ন্যাটোর বৈঠকে এই পরিকল্পনা অনুমোদিত হতে পারে।