হিমাচলে পশুবলি, কোরবানি নিষিদ্ধ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৪, ০১:৪৫

ভারতের উত্তরাঞ্চলীয় হিমাচল প্রদেশ রাজ্যের হাইকোর্ট কোনও ধর্মীয় কারণে পশুবলি দেওয়ার প্রথা নিষিদ্ধ ঘোষণা করেছে। একটি জনস্বার্থ বিষয়ক মামলার রায় দিতে গিয়ে আদালত অবিলম্বে পশুবলি বা কোরবানি বন্ধে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দেয়।

পশুবলি নিষিদ্ধ করার দাবিতে ২০১০ সাল থেকে হিমাচল হাইকোর্টে অন্তত তিনটি মামলা দায়ের করা হয়েছিল। মামলাগুলি একত্র করে আদালতের ডিভিশন বেঞ্চে তার দীর্ঘ শুনানির পর হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে, রাজ্যের যে কোনও ধর্মীয় স্থানে বা তার আশেপাশের এলাকায় পশুবলি সম্পূর্ণ বন্ধ করতে হবে।
জনস্বার্থ মামলাটিতে মূল আবেদনকারী সোনালি পুরেওয়াল নামের এক স্থপতি। তিনি একটি সংবাদমাধ্যমকে বলেন, ''ঈশ্বরকে যদি সন্তুষ্ট করতেই হয় তাহলে ফুল বা মিষ্টি দিয়েও তা করা যায়, পশুর রক্তই নিবেদন করতে হবে এমন তো কোনও কথা নেই। হয়তো শত শত বছর আগে এই প্রথার প্রাসঙ্গিকতা ছিল ...আজ আমাদের আরও মানবিক হয়ে ওঠার সময় হয়েছে।''
সোনালি পুরেওয়াল বলেন, ''দেখুন যে কোনও নতুন আইনেই ধর্মীয় ভাবাবেগ আহত হতে পারে। কিন্তু তাতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। আমরা শুধু বলছি যদি ধর্মীয় কারণেই এটা করা হয়ে থাকে, তাহলে যে কোনও ধর্মের যেটা মূল বিষয় – সেই শান্তি আর মানবিকতাকেই তো এখানে হত্যা করা হচ্ছে। এরকম বর্বরোচিত একটা কাজ করে আপনি আপনার ধর্মের কোনও উপকারে আসছেন না।''
তিনি আরও জানিয়েছেন, আদালতের এই রায় শুধু হিন্দুদের জন্য নয় – মুসলিমসহ যে কোনও ধর্মাবলম্বীদের জন্যই প্রযোজ্য হবে।