মগবাজারে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৪

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৪, ১২:৩৭
রাজধানীর মগবাজারে ৩০ লক্ষ ৬০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। খবর: ডিএমপি নিউজের।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ আবুল কালাম হাওলাদার ওরফে কামাল, মোঃ খলিলুর রহমান ওরফে খলিল, মোঃ গোলাম সারোয়ার হাওলাদার ও মোঃ নয়ন।
ডিএমপির নিউজে বলা হয়, গত মাসের ১৯ তারিখে মগবাজারের দিলু রোডে বোমার বিস্ফোরণ ও গুলি চালিয়ে জে আর কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীদের গতিরোধ করে ৩০ লাখ ৬০ হাজার টাকা ছিনতাই করা হয়। এ ঘটনায় রমনা থানায় দুইটি মামলা দায়ের করা হয়। 
এ ঘটনায় গোয়েন্দা পুলিশ গতকাল রাজাধানীর খিলগাঁও মাটির মসজিদ, রামপুরা ও গুলিস্তান এলাকা থেকে চারজনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।