দেশে-বিদেশে বর্তমান সরকারের গ্রহণযোগ্যতা নেই দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী এমকে আনোয়ার বলেছেন, এ অবৈধ সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। আজ বুধবার হোমনা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘গত ৫ জানুয়ারির নির্বাচন ছিল একটা প্রহসন। জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলে ওই নির্বাচন গ্রহণযোগ্যতা পায়নি। এ দেশের জনগণও সে নির্বাচনে ভোট দেয়নি। কিন্তু আওয়ামী লীগ সরকার নানা কৌশলে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করে যাচ্ছে। আর অবৈধ ক্ষমতা পাঁকাপোক্ত করতে সংবাদপত্রের স্বাধীনতা এবং বিচার বিভাগের স্বকীয়তা হরণ করার অপচেষ্টায় মেতে উঠেছে।’
দেশে আইনের শাসন বলতে কিছু নেই উল্লেখ করে এমকে আনোয়ার বলেন, ‘এ সরকার ক্ষমতায় টিকে থাকলে দেশে গণতন্ত্র মানবাধিকার এবং মানুষের বাক স্বাধীনতা থাকবে না। তাই গণ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন নিশ্চিত করতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।’
এমকে আনোয়ার আরো বলেন, ‘দেশে সুশাসন না থাকায় জনগণ শান্তিতে নেই। মানুষ শান্তিতে ঘুমাতে পারছে না। বাংলাদেশের মানুষ মুক্তির অপেক্ষায় আছে। প্রহসনের নির্বাচনের মাধ্যমে অবৈধ সরকার গঠন করে রাষ্ট্রীয় সন্ত্রাসের সৃষ্টি করা হয়েছে। এসব সন্ত্রাসীদের চিহ্নিত করতে হবে। দেশের মানুষ রাস্তায় তাদের দেখতে চায় না।’
উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্য বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সেক্রেটারী এ্যাড. আজিজুর রহমান, মোল্লা বিএনপি নেতা উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুল ইসলাম, মোজাম্মেল হক মুকুল, ফজলুল হক মোল্লা, ছানাউল্লাহ, শেফালী বেগম, ইয়া মুছা, হিমেল, অহিদ মোল্লা প্রমুখ।
