বোমা মেরে ছিনতাই: ৪ জন গ্রেফতার

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৪, ১৮:৫৪
ওরা বোমা মেরে আতঙ্ক সৃষ্টি করে। এরপর ধারালো অস্ত্র দেখিয়ে ছিনতাই করে।  তবে এর আগে তারা সংগ্রহ করে তথ্য। একাধিক দল অবস্থান করে নির্দিষ্ট পয়েন্টে। তারপর টার্গেটের ওপর ঝাঁপিয়ে পড়ে। রাজধানীর ইস্কাটন এলাকার দিলু রোডে জেআর কর্পোরেশনের ৩০ লাখ ৬০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেফতারের পর তাদেরকে জিজ্ঞাসাবাদে এসব তথ্য পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তবে ছিনতাইকৃত টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ। বুধবার দুপুরের দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আবুল কালাম হাওলাদার ওরফে কামাল, খলিলুর রহমান ওরফে খলিল ওরফে ফরিদ, গোলাম সারোয়ার হাওলাদার ও  নয়ন মিয়া। তাদের কাছ থেকে চাপাতি, বোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে খিলগাঁওয়ের মাটির মসজিদ, রামপুরা ও গুলিস্তান থেকে তাদের গ্রেফতার করা হয়।
সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএমপি’র যুগ্ন কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়, রমনা বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ ইকবাল ও মিডিয়া এন্ড পাবলিক রিলেশন শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান।
মনিরুল ইসলাম জানান, গত ১৯ আগস্ট মগবাজারের ৩৭৫/১, নম্বর দিলু রোডের জেআর কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের গতিরোধ করে বোমার বিস্ফোরণ ও গুলি করে ৩০ লাখ ৬০ হাজার টাকা ছিনতাই করে। এলোপাথাড়ি বোমা বিস্ফোরণ ও গুলির ঘটনায় ৫ জন আহত হন। গ্রেফতার ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে পলাতক আসামীদের নাম প্রকাশ করে জানিয়েছে, সোর্সের মাধ্যমে তারা টাকা বহনের তথ্য সংগ্রহ করে। ছিনতাইয়ের পর তারা বিভিন্ন মাধ্যমে ছিনতাইকৃত টাকা লগ্নি করেছে।
মনিরুল জানান,  জিজ্ঞাসাবাদে এ ঘটনায় জড়িতদেরসহ সহযোগীদের নাম প্রকাশ করে। তারা ইতোপূর্বে রাজধানীর বিভিন্ন স্থানে বোমা ফাটিয়ে ছিনতাই করেছে। ছিনতাইয়ের পূর্বে তাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানের একাধিক সদস্য টাকা লেনদেনের বিষয়ে তথ্য দেয়। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে আবুল কালাম হাওলাদার ঝালকাঠির নলসিটি থানার হত্যাসহ ডাকাতি মামলার চার্জশিটভূক্ত আসামী। খলিলুর রহমান মাঝি রামপুরা থানার ডাকাতি মামলার চার্জশিটভূক্ত আসামী এবং গোলাম সারোয়ার হাওলাদার পটুয়াখালী সদর থানার ডাকাতি মামলার চার্জশিটভূক্ত আসামী বলে জানা গেছে। তাদেরকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানানো হয়।