ভিওআইপি ব্যবসায় জড়িত ৬ জন গ্রেফতার

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৪, ১৯:৪০
শিক্ষিত তরুণরা অল্প সময়ে অনেক টাকা উপার্জনের নেশায় অবৈধ ভয়সে ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) ব্যবসায় জড়িয়ে পড়ছে। প্রযুক্তি বিদ্যাকে কাজে লাগিয়ে রাতারাতি লাখপতি হওয়ার আশায় এ তরুণরা দেশের রাজস্ব ফাঁকি দিয়ে ঝুঁকে পড়ছে এ অবৈধ ব্যবসায়। এ ব্যবসায় সঙ্গে জড়িত আন্তর্জাতিক চক্র। আজ বুধবার বিকালে র্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। এ ঘটনায় ঐ চক্রের ৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, জাহিদুর রহমান ওরফে জাহাঙ্গীর (২৯), জাকির হোসেন (৪০), শফিকুল বারি (২৪), রিপন খান (৩০), ইলিয়াস হোসেন (২৮) এবং ছালেহ উদ্দীনকে (২৪) আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি ল্যাপটপ, ১টি ট্যাব, ১২টি মোবাইল এবং ৬৪৩টি বিভিন্ন অপারেটরের সিম উদ্ধার করা হয়।
লে. কর্নেল তুহিন মুহাম্মদ মাসুদ জানান, রাজধানীতে প্রযুক্তি বিদ্যায় পারদর্শী কয়েকজন তরুণ বিদেশি চক্রের সহায়তায় ভিওআইপি ব্যবসা পরিচালনা করছে। এ খবরের ভিত্তিতে রাজধানীর দক্ষিণ খান, উত্তরা পশ্চিম, হাজারীবাগ ও তুরাগ থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জড়িত ছয়জনকে গ্রেফতার করা হয়।
 
ইঅ/চৌফে/শ১৬৩