সব জেলায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পপার্ক স্থাপন করা হবে: শিল্পমন্ত্রী

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৪, ২০:০১
দেশিয় ক্ষুুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে প্রত্যেক জেলায় আলাদা শিল্পপার্ক স্থাপনের উদ্যোগ নেয়া হচ্ছে। এ সব শিল্পপার্কে আগ্রহী উদ্যোক্তাদের জন্য প্লট বরাদ্দ দেয়া হবে। আজ বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সেমিনারে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ কথা বলেন। ‘ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সাব-কন্ট্রাক্টিং সংযোগ ব্যবস্থার উন্নয়ন’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বিসিক।
শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্র সভাপতিত্বে সেমিনারে রেলপথ মন্ত্রী মুজিবুল হক এবং এফবিসিসিআইর প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন আহম্মেদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষিখাতে প্রবৃদ্ধির সীমাবদ্ধতা থাকলেও শিল্পখাতে উদ্ভাবনের কোনো সীমাবদ্ধতা নেই। এ উদ্ভাবন কাজে লাগাতে দেশিয় শিল্পখাতকে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা দিতে হবে। বর্তমানে সাব-কন্ট্রাক্টিং সংযোগ ব্যবস্থার মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি শিল্প কারখানাগুলো ৫২৫ কোটি টাকার যন্ত্র ও যন্ত্রাংশ সরবরাহ করছে। এ সময় তারা রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানায় বাধ্যতামূলকভাবে মানসম্পন্ন দেশিয় যন্ত্রপাতি ক্রয় করার দাবি জানান। তারা এ লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প কারখানার জন্য বিনিয়োগযোগ্য মূলধনের ব্যবস্থা করা, উত্পাদন প্রক্রিয়ায় কারিগরি সহায়তা প্রদান ও সহজ ক্রয় নীতির মাধ্যমে যন্ত্রাংশ বিপণনের সুযোগ সৃষ্টির দাবি জানান।
অনুষ্ঠানে রেলমন্ত্রী বলেন, বাংলাদেশ রেলওয়ে এককভাবে দেশিয় ক্ষুদ্র শিল্প উদ্যোক্তাদের উত্পাদিত পণ্যের প্রায় অর্ধেক ব্যবহার করছে। এর পরিমাণ আরো বাড়ানো হবে। এ লক্ষ্যে নতুন পণ্য চিহ্নিতকরণের কাজ চলছে।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিসিক চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, সাব-কন্ট্রাক্টিং শিল্প মালিক গোলাম আশরাফ তালুকদার, এ.এম. সাদসহ ক্ষুদ ও মাঝারি শিল্প উদ্যোক্তা, রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান ও কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।  অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিসিকের পরিচালক আবু তাহের খান।
 
ইঅ/চৌফে/শ২৩৩