কোয়ান্টাম প্রসেসর তৈরি করতে গুগলের নতুন প্রকল্প

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৪, ১৪:০৯
কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে কাজ করার জন্য এবারে কোয়ান্টাম ইনফরমেশন প্রসেসর তৈরির প্রকল্প হাতে নিয়েছে গুগল। গুগলের রিসার্চ ব্লগে সম্প্রতি গুগলের এই নতুন প্রকল্পের ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রকৌশল বিভাগের পরিচালক হারমুট নেভেন। এই প্রকল্পটির নেতৃত্ব প্রদান করবেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান্তা বারবারার (ইউসিএসবি) পদার্থবিদ জন মার্টিনিজ।
সুপারকন্ডাক্টিং ইলেক্ট্রনিক্সের ওপর ভিত্তি করে এই গবেষক দলটি তৈরি করবে নতুন কোয়ান্টাম ইনফরমেশন প্রসেসর। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে আরও সম্প্রসারিত করার লক্ষ্য নিয়েই এই প্রকল্পটি শুরু করছে গুগল।
গুগলের একজন কর্মকর্তা জানিয়েছেন, জন মার্টিনিজ তার বিশ্ববিদ্যালয়ের গবেষক দলকে নিয়ে সুপারকন্ডাক্টিং কোয়ান্টাম ইলেক্ট্রনিক্স যন্ত্রাংশ নির্মাণের গবেষণা করেছেন। তাদের এই গবেষণা সম্প্রতি ‘লন্ডন প্রাইজ’ অ্যাওয়ার্ডও লাভ করেছে। কোয়ান্টাম কন্ট্রোল এবং কোয়ান্টাম ইনফরমেশন প্রক্রিয়াজাত করায় অভূতপূর্ব উন্নয়নের জন্যই মার্টিনিজ ও তার দল এই পুরস্কারে ভূষিত হয়েছে।
এই গবেষক দলের এই গবেষণার অভিজ্ঞতাকেই কাজে লাগাতে চায় গুগল। গবেষক দলটি যে গবেষণাগারে কাজ করবে সেটি গুগল, নাসা এমস রিসার্চ সেন্টার এবং ইউনিভার্সিটি স্পেস রিসার্চ অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে পরিচালিত একটি গবেষণাগার যার নাম কোয়ান্টাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাব। তবে চাইলেই মার্টিনিজ ও তার দল তাদের নিজেদের বিশ্ববিদ্যালয়ের সব ধরনের সুযোগ-সুবিধাও গ্রহণ করতে পারবে। এদিকে গুগল তাদের নিজস্ব তত্ত্বাবধানে কোয়ান্টাম ইনফরমেশন প্রসেসর তৈরির গবেষণা পরিচালনা করার সাথে সাথে ডি-ওয়েভ বিজ্ঞানীদের সাথে চলমান কার্যক্রমও অব্যাহত রাখবে। পাশাপাশি নাসার ‘ভিসুভিয়াস’ মেশিনে পরিচালিত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাও অব্যাহত রাখবে।
উল্লেখ্য, গত কয়েক বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গুগল যথেষ্ট আগ্রহ দেখিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা কিছু প্রতিষ্ঠানও কেনা রয়েছে তাদের।