রাজধানীর বকশীবাজারে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সারাদেশে জেলা ও মহানগরীতে প্রতিবাদ মিছিল করবে বিএনপি। তবে রাজধানীতে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে না।
বুধবার সন্ধ্যায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, সরকারের মদদে আদালতের বাইরে পূর্বপরিকল্পিত আক্রমণ করা হয়েছে। বিএনপিসহ বিভিন্ন দল ও প্রতিবাদী জনতা দেখলেই পুলিশ আক্রমণ চালায়। তারা ঈদের আগে ও পরে বেতন-ভাতা দাবিতে আন্দোলনরত তোবা গার্মেন্টসের শ্রমিকদের ওপর হামলা চালিয়েছে।
তিনি বগুড়া জেলা বিএনপি ও যুবদলের কার্যালয়ে পুলিশি হামলা এবং গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবি করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন- বিএনপির অর্থবিয়সয়ক সম্পাদক আব্দুস সালাম, শিক্ষাবিষয়ক সম্পাদক খাইরুল কবির খোকন, আইনবিষয়ক সম্পাদক এডভোকেট সানাউল্লাহ মিয়া, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।
