পাকিস্তানে তালেবান-বিরোধী অভিযানে এ পর্যন্ত ৯১০ জঙ্গি নিহত

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৪, ২১:৩৬
 
পাকিস্তানের উপজাতি অধ্যুষিত উত্তর-পশ্চিমাঞ্চলে তালেবান বিরোধী ব্যাপক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ৯১০ জঙ্গি ও ৮২ সেনা নিহত হয়েছে। সামরিক বাহিনী বলছে, গত জুনে
করাচি বিমানবন্দরে রক্তক্ষয়ী হামলার পর আফগান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তান থেকে বিদ্রোহীদের ঘাঁটি নির্মূলে পাকিস্তান সামরিক বাহিনী এ অভিযান শুরু করে। উত্তর ওয়াজিরিস্তান জেলাকে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও অন্যান্য সন্ত্রাসী সংগঠনের যোদ্ধাদের শক্ত ঘাটি বলা হয়। এ জেলার পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সেখানে বিমান, গোলন্দাজ, মর্টার ও স্থল বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান চালায় পাকিস্তানি সেনারা।
সামরিক বাহিনী জানায়, উত্তর ওয়াজিরিস্তানে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ৯০ কিলোমিটারব্যাপী একটি সড়ক বরাবর এবং মিরনশাহ ও মিরালি শহর বিদ্রোহী মুক্ত হয়েছে। সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, অভিযান শুরুর পর থেকে ৯১০ সন্ত্রাসী ও ৮২ সৈন্য নিহত এবং ২৬৯ জন আহত হয়েছে।
সামরিক বাহিনীর তথ্যানুযায়ী, সন্ত্রাসীদের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত উত্তর ওয়াজিরিস্তানের মিরনশাহ, মিরালি, দত্ত খেল, বয়া ও দেগান শহর থেকে সন্ত্রাসীদের নির্মূল করেছে নিরাপত্তা বাহিনী।
সেনাবাহিনীর বিবৃতিতে বেসামরিক প্রাণহানির বিস্তারিত উল্লেখ করা হয়নি। তবে যুদ্ধের ফলে পালিয়ে আসা বাসিন্দারা জানান, অসংখ্য বেসামরিক নাগরিক নিহত হয়েছে। 
 
ইঅ/চৌফে/শ১৭৩