যোগাযোগ মন্ত্রণালয়ের (মিনিস্ট্রি অব কমিউনিকেশন) নতুন নাম হয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় (মিনিস্ট্রি অব রোড ট্রান্সপোর্ট অ্যান্ড ব্রিজেস)।
আর এ মন্ত্রণালয়ের অধীন সড়ক বিভাগের (রোড ডিভিশন) নাম দেয়া হয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ (রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে ডিভিশন)। বুধবার মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি সংবিধানে প্রদত্ত ক্ষমতাবলে নাম পরিবর্তনের এই আদেশ দেন।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক সাংবাদিকদের বলেন, “মূলত নাম নিয়ে দেশ ও বিদেশের বিভ্রান্তি দূর করার জন্য মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে এ প্রস্তাব পাঠানো হয়েছিল। নতুন এ নামের মাধ্যমে মন্ত্রণালয়ের কাজ যথাযথভাবে প্রতিফলিত হবে।”
সচিব জানান, যোগাযোগ মন্ত্রণালয়ের ইংরেজি নাম মিনিস্ট্রি অব কমিউনিকেশনস হওয়ায় বিদেশিদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। অনেকে রেল ও নৌ যোগাযোগ কিংবা তথ্যপ্রযুক্তি খাতকে এ মন্ত্রণালয়ের আওতাধীন মনে করে যোগাযোগ করে। আবার কেউ কেউ এ মন্ত্রণালয়কে সরকারের জনসংযোগ দপ্তর ভেবেও ভুল করেন। এ বিড়ম্বনা কাটাতেই সরকার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।
